রবিবার, ২ আগস্ট ২০২৬

জাঙ্ক ফুডের ১০ বিপদ

জাঙ্ক ফুড খেতে ভালোবাসেন না এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। তবে বিশ্বব্যাপী জনপ্রিয় এই জাঙ্ক ফুড কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য মোটেই ভালো নয়। নিয়মিত জাঙ্ক ফুড খাওয়া আমাদের সুস্থতার উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। জাঙ্ক ফুডে প্রচুর পরিমাণে ক্যালোরি থাকে, কিন্তু পুষ্টিগুণ কম থাকে। এগুলোতে চর্বি, চিনি, লবণ এবং প্রক্রিয়াজাত কার্বোহাইড্রেট থাকে বেশি। তবে ভিটামিন, খনিজ এবং ফাইবারের মতো পুষ্টির পরিমাণ কম থাকে। জাঙ্ক ফুডের ক্ষতিকর বিভিন্ন দিক সম্পর্কে পুষ্টিবীদরা কি বলছেন? আসুন জেনে নেই…..

কেন জাঙ্ক ফুড স্বাস্থ্যের জন্য খারাপ?

গবেষণায় দেখা গেছে; যিনি নিয়মিত জাঙ্ক ফুড যেমন বার্গার, ফ্রাই, চিনিযুক্ত সোডা ইত্যাদি খান, তার স্থূলতা, হৃদরোগ, ডায়াবেটিস, ক্যানসারসহ অন্যান্য দীর্ঘস্থায়ী রোগের ঝুঁকি বেড়ে যায়। জাঙ্ক ফুড খাওয়ার ১০ বিপদের কথা জেনে নিন।

১। হৃদরোগের ঝুঁকি বাড়ে
জাঙ্ক ফুড সেবনের একটি প্রধান ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হলো কার্ডিওভাসকুলার রোগের ঝুঁকি বৃদ্ধি। হার্ভার্ডের একটি গবেষণায় দেখা গেছে যে, লাল মাংস এবং চিনিযুক্ত খাবার হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়।

২। কোলেস্টেরল বাড়ে
স্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ খাবার খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়াতে পারে। এই কোলেস্টেরল বেড়ে গেলে নানা ধরনের স্বাস্থ্যঝুঁকির সম্মুখীন হতে পারেন।

৩। ডায়াবেটিসের ঝুঁকি তৈরি হয়

গবেষণায় দেখা গেছে, জাঙ্ক ফুড বিভিন্ন উপায়ে ডায়াবেটিস হওয়ার ঝুঁকি বাড়াতে পারে। যেসব খাবারে ক্যালোরি বেশি এবং পুষ্টির পরিমাণ কম সেগুলো শরীরে দ্রুত ভেঙে যায়, যা রক্তে শর্করার মাত্রা দ্রুত বৃদ্ধি করে। নিয়মিত জাঙ্ক ফুড খাওয়ার ফলে স্থূলতা বাড়ে, যা টাইপ ২ ডায়াবেটিস হওয়ার প্রধান ঝুঁকির কারণ। জাঙ্ক ফুডে সাধারণত বেশি পরিমাণে লবণ থাকে, যা উচ্চ রক্তচাপে থেকে হওয়া টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়ায়। জাঙ্ক ফুডে ট্রান্স এবং স্যাচুরেটেড ফ্যাটের উচ্চ উপাদানের কারণে ট্রাইগ্লিসারাইডের মাত্রাও বাড়াতে পারে। ট্রাইগ্লিসারাইডের উচ্চ মাত্রা টাইপ ২ ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।

৪। ক্ষতিগ্রস্ত হতে পারে কিডনি
জাঙ্ক এবং প্রক্রিয়াজাত খাবার কিডনির স্বাস্থ্যের উপর ফেলতে পারে নেতিবাচক প্রভাব। এক্সপেরিমেন্টাল ফিজিওলজি জার্নালে প্রকাশিত একটি গবেষণা বলছে, নিয়মিত জাঙ্ক ফুড খেলে কিডনির ক্ষতি হতে পারে।

৫। স্থূলতা বাড়ে

আজকাল অনেক শিশু-কিশোরকে স্থুলতার সমস্যায় ভুগতে দেখা যায়। এর পেছনে অন্যতম কারণ হচ্ছে জাঙ্ক ফুড আসক্তি। হৃদরোগ, শ্বাসকষ্ট, ক্যানসার এবং অনেক গুরুতর দীর্ঘস্থায়ী রোগের অন্যতম কারণ হচ্ছে স্থূলতা। তাই অস্বাস্থ্যকর ওজন বৃদ্ধি এড়াতে জাঙ্ক ফুড এড়িয়ে চলা বাঞ্ছনীয়।

৬। যকৃতের রোগ হতে পারে
বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে, জাঙ্ক ফুডে থাকা অস্বাস্থ্যকর চর্বি, পরিশোধিত কার্বোহাইড্রেট এবং চিনির অতিরিক্ত ব্যবহার ফ্যাটি লিভার রোগের ঝুঁকি বাড়ায়। এমনকি লিভার ক্যানসারের ঝুঁকিও বাড়ায় এই অস্বাস্থ্যকর খাবার।

৭। ক্যানসারের ঝুঁকি বাড়ে
জাঙ্ক ফুডে থাকা চর্বি, শর্করা এবং বাড়তি লবণ ক্যানসারের ঝুঁকি বাড়ায়। পিএলওএস মেডিসিন জার্নালে প্রকাশিত একটি গবেষণায় গবেষকরা জানিয়েছেন যে, যারা সবচেয়ে বেশি জাঙ্ক ফুড খেয়েছেন তাদের পাকস্থলী এবং কোলোরেক্টাল ক্যানসারের ঝুঁকি বেশি।

৮। ক্ষতিগ্রস্ত হতে পারে দাঁত
জাঙ্ক ফুডের স্বাদ খুব ভালো, কিন্তু এগুলো আপনার দাঁত ও মুখের স্বাস্থ্য নষ্ট করতে পারে। জাঙ্ক ফুডে থাকা চিনি এবং লবণ মুখের ক্ষতিকারক ব্যাকটেরিয়া বাড়ায়। এতে অ্যাসিড তৈরি হয় যা দাঁতের এনামেল ভেঙে দেয় এবং গহ্বর সৃষ্টি করে দাঁতে।

৯। বিষণ্ণতার কারণ হতে পারে
বিশেষজ্ঞরা সতর্ক করেছেন যে, জাঙ্ক ফুড শুধুমাত্র আপনার শরীরকে প্রভাবিত করে না, আপনার মনকেও প্রভাবিত করে। মলিকুলার সাইকিয়াট্রি জার্নালের একটি গবেষণায় দেখা গেছে, জাঙ্ক ফুড খাওয়া বিষণ্নতার ঝুঁকি বাড়ায়।

১০। ত্বকের সমস্যার কারণ হতে পারে
প্রচুর পরিমাণে জাঙ্ক বা প্রক্রিয়াজাত খাবার খাওয়ার ফলে ত্বকের বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। ২০২১ সালের একটি গবেষণা পর্যালোচনায় দেখা গেছে যে, উচ্চ চর্বি, পরিশোধিত কার্বোহাইড্রেট এবং শর্করা যুক্ত খাবার ব্রণের সাথে সম্পর্কিত।

আফসানা নীলা
পুষ্টিবীদ

comment

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

comment

post a comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

হেলথ হাব ২৪ বিডি